কাশিমপুর কারাগার
প্রাচীর টপকে পালানো নারী অবশেষে গ্রেপ্তার
কাগজ প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে অভিনব কায়দায় পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত নারী বন্দি মোছা. রিম্পা (২১)-কে গ্রেপ্তার করেছে র্যাব-২। রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে চরম অবহেলার অভিযোগে কাশিমপুর মহিলা কারাগারের ৩ জন মেট্রন ও ৪ জন নারী কারারক্ষীসহ মোট ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারা সূত্র জানায়, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। সে সময় তদারকির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরবর্তীতে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার নিখোঁজ ও পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
র্যাব জানায়, পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
