৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সভার সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস তিনজিলা খানম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি থাকবে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেটে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট সভায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী। প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
