×

ঢাকা

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

ছবি : ভোরের কাগজ

কিশোরগঞ্জের হোসেনপুরে মারামারির একটি মামলায় সাক্ষী হওয়ায় সাবেক এক ইউপি সদস্যকে হয়রানি ও মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান এলাকার হকফুল কুঁড়ি কিন্ডারগার্টেনের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল মালেক খোকা, স্থানীয় বাসিন্দা মো. শফিক, মো. জালাল মিয়া, শিল্পী আক্তার, লিপি আক্তার ও আলপিনা বেগমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন জমিসংক্রান্ত বিরোধের জেরে র‌্যাব সদস্য মো. মোস্তুফা কামাল ও তার ভাই এনামুল তাদের চাচা-শ্বশুর মিজানুর রহমান রিটনকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে নাজমুল নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাইদুল ইসলামকে প্রত্যক্ষদর্শী সাক্ষী করা হয়।

বক্তারা আরও বলেন, পরবর্তীতে ওই হামলার ঘটনা আপস-মীমাংসার জন্য র‌্যাব সদস্য মোস্তুফা কামালের স্ত্রী তানজিনা আক্তার সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের কাছে যান। তবে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তখন কোনো মীমাংসা করা সম্ভব নয় বলে তিনি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তানজিনা তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন বক্তারা।

তাদের দাবি, মূল মামলার আসামি স্বামীকে রক্ষা এবং সাক্ষী সাইদুল ইসলামকে চাপে ফেলতে তানজিনা আক্তার বাদী হয়ে সাইদুল ইসলাম ও মামলার বাদী তার চাচা মিজানুর রহমান রিটনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। স্থানীয়দের দাবি, মামলায় উল্লেখ করা ঘটনাটি সেদিন ঘটেনি।

অভিযোগের বিষয়ে হকফুল কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাহেদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, তানজিনা তার স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক। আর সাইদুল মেম্বার গ্রামের একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি। স্কুলের ভেতরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি শুধু শুনেছেন, সাইদুল মেম্বার তানজিনার শাশুড়িকে বলছিলেন, ‘আপনার ছেলের বউকে এখান থেকে নিয়ে যান।’

স্কুলের পাশের মুদির দোকানদার মো. শফিক বলেন, তানজিনা তার স্বামীর মামলার মীমাংসার জন্য শাশুড়িকে সঙ্গে নিয়ে সাইদুল মেম্বারের কাছে আসেন। মেম্বার মীমাংসায় অপারগতা জানালে তানজিনা মামলার বাদী তার চাচা রিটনকে কুপিয়ে বস্তায় ভরে পাঠানোর হুমকি দেন বলে দাবি করেন তিনি।

শফিকের ভাষ্য, এতে মেম্বার ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য করেন এবং তার শাশুড়িকে ডেকে তানজিনাকে নিয়ে যেতে বলেন। পরে শাশুড়ি মেম্বারের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে চলে যান। তাদের সামনে তানজিনার শ্লীলতাহানি বা গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল মালেক খোকা বলেন, ওইদিন তিনি স্কুলের সামনে উপস্থিত ছিলেন। তানজিনা তার স্বামীর মামলার মীমাংসার কোনো আশ্বাস না পেয়ে সাইদুল মেম্বারকে হুমকি দেন। তবে শ্লীলতাহানি বা তার শরীরে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সাইদুল মেম্বার ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ। মামলায় তানজিনা যাদের সাক্ষী করেছেন, তাদের কেউই সেদিন স্কুলের সামনে উপস্থিত ছিলেন না। তার মতে, ক্ষোভের বশবর্তী হয়ে একজন নারীর এমন অভিযোগ করা উচিত হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মামলার সাক্ষী আব্দুল কাদির ও ধারাশিকু জানান, তারা এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। কেন তাদের মামলায় সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও তারা অবগত নন।

এ বিষয়ে মামলার বাদী তানজিনা আক্তারের বাড়িতে গিয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, ওইদিন কী ঘটেছিল, তা তার স্বামী র‌্যাব সদস্য মো. মোস্তুফা কামাল ভালো বলতে পারবেন।

অভিযোগের বিষয়ে মো. মোস্তুফা কামাল বলেন, তাদের সঙ্গে জমিসংক্রান্ত কোনো বিরোধ নেই। তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। তার স্ত্রী তানজিনা আক্তার মামলার সাক্ষী সাইদুল মেম্বারের কাছে গেলে তিনি তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তার স্ত্রী রাগান্বিত হয়ে মামলা করেছেন। মামলা মিথ্যা প্রমাণিত হলে তার স্ত্রীরও বিচার হবে বলে মন্তব্য করেন তিনি।

মানববন্ধন থেকে বক্তারা সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App