‘আমাদের বাঁচান ভাই’, স্পেন প্রবাসীর করুন আর্তনাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি : সংগৃহীত
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। পরিবারের ভাগ্য বদলানোর আশায় ইউরোপে পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে নতুন জীবনের স্বপ্ন পূরণের আগেই স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এই তরুণ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি পাওয়ার মাত্র দুই দিনের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ইউসুফ।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার একটি বাইসাইকেল গ্যারেজে আগুন লাগে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো খাবার সরবরাহের কাজে ব্যবহৃত সাইকেল আনতে গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। এ সময় গ্যারেজে থাকা একটি বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে গ্যারেজে ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় ইউসুফসহ তিন কর্মী ভেতরে আটকা পড়েন।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং গ্যারেজ থেকে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু করে। তবে ঘটনাস্থলেই ইউসুফকে মৃত ঘোষণা করা হয়। তার দুই সহকর্মী গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউসুফের মামাতো ভাই ও স্পেনের বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার বাসিন্দা। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় গত জুনে স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। কাজের অনুমতি পাওয়ার পর নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন এই তরুণ।
তার আকস্মিক মৃত্যুর খবরে কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের পাশাপাশি স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিষাদের আবহ।
