পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম
দুর্ঘটনাকবলিত বাস সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে যাত্রীবাহী একটি বাস উল্টে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতরা হলেন— মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেসের বাসটি যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।
আরও পড়ুন: বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাওয়া প্রান্তের ঢালে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তখন সময় দুপুর সোয়া ১টা। প্রথমে এটি সড়কের ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি ঘুরে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর পৌঁছায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।
