সিংগাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিঠুর শিবিরের শোডাউন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি : ভোরের কাগজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার অনুসারী হিসেবে পরিচিত দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজার সামনে জড়ো হন।
পরে সকাল ১১টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজ। সভা পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আওলাদ হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।
বক্তব্যে মিঠু বলেন, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিল করার অভিযোগ তোলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ব্যক্তিগত ব্যানার-ফেস্টুনে দলীয় প্রধানের ছবি ও দলীয় স্লোগান ব্যবহারের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের আশপাশে বিতর্কিত ব্যক্তিদের অবস্থান নিয়েও সমালোচনা করেন।
দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে দলকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে। বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আউয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াস খান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম শ্যামল, আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, জেলা কৃষক দলের সহসভাপতি ভিপি মোহসীন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি দেওয়ান বিপ্লব ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় পর্যায়ের নেতারাও র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
