×

ঢাকা

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জরাজীর্ণ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মুক্তিযোদ্ধারা জানান, ভবনটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, এটি এখন একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কার্যালয়টির টিনের চালের অনেক জায়গায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, দেয়ালের প্লাস্টার মাঝেমধ্যেই খসে পড়ছে এবং সামান্য বৃষ্টিতেই ভেতরে প্রবেশ করছে পানি। তখন এই ঘরে অবস্থান করা তো দূরের কথা, গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চার বছর আগেই ভবনটিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন ভবন নির্মাণে নেয়া হয়নি কোন কার্যকর পদক্ষেপ। বর্তমানে একটি আধুনিক ও নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ শিবালয় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাঁদের দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন তাঁরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ​শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. সৈয়দ জালালউদ্দিন জানান, তাদের কার্যালয় ভবনটির অবকাঠামো অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর জমে যায় পানি। চারবছর আগে ব্যক্তিগত অর্থায়নে তিনি ভবনের কয়েকটি খুঁটি লাগিয়েছিলেন। ভবনের সিলিং থেকে এখন টিকটিকি, ইঁদুর, কবুতর ও তেলাপোকার উচ্ছিষ্ট শরীরে পড়ে। উপরের কাঠগুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে। যেকোন সময় এগুলো খুলে মাথায় পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ভবনটি এখন যে অবস্থা আছে তাতে একটু জোরে বাতাস আসলেই ভেঙে পড়ে যাবে। ভবনের জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থার কথা ইতোমধ্যে শিবালয়ের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। শিবালয়ে দুইশো চারজন মুক্তিযোদ্ধার মধ্যে এখন আটানব্বইজন জীবিত আছেন। স্বাধীনতার মূল কারিগর বীর সন্তানদের সম্মানে এবং শিবালয় মুক্তিযোদ্ধা সংসদের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে দ্রুত একই স্থানে একটি নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মানিকগঞ্জ জেলা ইউনিট কমাণ্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান বলেন, ওই জায়গা নিয়ে কিছুটা আইনি জটিলতা থাকায় ওখানে নতুন ভবন নির্মাণ করায় কিছুটা বিলম্ব হচ্ছে। আপাতত অন্য একটি ঘর ভাড়া নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য শিবালয় উপজেলা আহ্বায়ককে বলা হয়েছে। শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনের পরই নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং সংসদ সদস্য অবগত আছেন বলে জানান এই আহ্বায়ক।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার জানান, ১৬ ডিসেম্বরে অনুষ্ঠিত বিজয় দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শিবালয়ের কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তার সাথে এবিষয়ে কথা বলেছিলেন। কিন্তু এর পর এবিষয় নিয়ে তাঁরা আর কোনরকম যোগাযোগ করেননি। বাংলাদেশের অনেক উপজেলাতেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মিত হয়েছে। জমিজমা সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের পর তাঁরা যদি একটি জায়গা নির্ধারণ করে দিতে পারেন তবে মুক্তিযোদ্ধাদের জন্য অবশ্যই নতুন একটি মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণ সম্ভব।

মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এসএ জিন্নাহ কবীর দৈনিক ভোরের কাগজকে জানান, এবিষয়ে আজ পর্যন্ত কেউ তার সাথে কোন যোগাযোগ বা আবেদন করেননি। শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটিতে কে কোন পদে রয়েছেন সেটি সম্পর্কেও তিনি অবগত নন। এবিষয় নিয়ে কেউ যদি তার কাছে না যান তাহলে তিনি কিভাবে কী করবেন? মুক্তিযোদ্ধাদের যেকোন বিষয়ে তিনি বরাবরই আন্তরিক। জরাজীর্ণ ভবনের বিষয়ে মুক্তিযোদ্ধারা তার কাছে গেলে অবশ্যই সুন্দর একটি ব্যবস্থা হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App