বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতে পার্কিং করে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় পূর্বাশা পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ যাত্রী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস সুপারভাইজারের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মো. জুয়েল (২৮)।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) একই মহাসড়ক দিয়ে যাচ্ছিল।
আরো পড়ুন: জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে
শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছানোর পর ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক মহাসড়কের ওপর ট্রাকটি থামিয়ে চাকা পরিবর্তনের কাজ শুরু করেন।
এ সময় পেছন থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে জোরে ধাক্কা দেয়। এতে বাসের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
