গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ফাইল ছবি
গাজীপুর সদর উপজেলায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫) এবং তাঁদের দুই সন্তান সোহাদ (৪) ও সায়ান (৫)।
পরিবারের সদস্যরা জানান, ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান তাঁরা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগে। এরপর আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিন প্রধানের ১ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, দগ্ধ চারজনের মধ্যে মা সেলিনা আক্তার ও বড় ছেলে সায়ান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। অপর দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
