×

ঢালিউড

গ্রেপ্তারকাণ্ডে বিস্ফোরক মন্তব্য পরীমণির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম

গ্রেপ্তারকাণ্ডে বিস্ফোরক মন্তব্য পরীমণির

আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার দাবি, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসা থেকে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেওয়া তার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ওই বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমণির ভাষ্য, পরে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে রাখা হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে বিপর্যস্ত করেছে।

তিনি লেখেন, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না।

দীর্ঘ এই স্ট্যাটাসে পরীমণি বলেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন শিল্পীর জীবন যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও জানান তিনি।

তিনি বলেন, এতদিন পর তিনি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চান না। তিনি শুধু সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলে পরীমণি লেখেন, হয়তো আদালত তাকে ওই মামলায় অব্যাহতি দেবেন। কিন্তু তার হারিয়ে যাওয়া দিন, সম্মান ও মানসিক শান্তি কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তাকে ঘিরে মানুষের মনে যে বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

আরো পড়ুন : মাতৃত্বের ছুটি কাটিয়ে বুবলী ফিরবেন কবে?

নিজের ভাবমূর্তি প্রসঙ্গে পরীমণি বলেন, তিনি কখনোই বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাননি। একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছেন। কিন্তু একটি ঘটনার অভিঘাত তার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে, যার দায় আজও তাকে বহন করতে হচ্ছে।

তিনি বলেন, তিনি কাউকে ছোট বা অপমান করতে চান না। বরং ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতার ভিত্তিতে অটুট থাকে, সেটিই তার প্রত্যাশা।

কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, তাদের বিশ্বাস, ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরীমণি লেখেন, তিনি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চান না। নিজের কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই জীবনের বাকি পথ এগিয়ে যেতে চান।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, তিনি বিশ্বাস করেন সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না এবং ন্যায়বিচারের পথে হাঁটা কখনো বৃথা যায় না। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি, যাতে ভালো কাজের মাধ্যমে মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টি, সতর্কতা জারি

২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টি, সতর্কতা জারি

চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যোগদানের পরই উধাও চিকিৎসক, ১১৩ দিন পর বদলির কাগজ হাতে হাসপাতালে

যোগদানের পরই উধাও চিকিৎসক, ১১৩ দিন পর বদলির কাগজ হাতে হাসপাতালে

বাড়ছে নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বাড়ছে নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App