জমিতে কোদাল চালিয়ে নেটিজেনদের মুগ্ধ করলেন জয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু অভিনয়েই নয়, প্রকৃতিপ্রেমী জীবনধারার কারণেও নিয়মিত প্রশংসিত হন। ব্যস্ত শুটিং সূচির মাঝেও সময় পেলেই নিজের বাগানে গাছের পরিচর্যা ও কৃষিকাজে মেতে ওঠেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই পরিচিত রূপেই দেখা গেছে এই অভিনেত্রীকে।
ভিডিওতে দেখা যায়, একেবারে সাধারণ পোশাকে, মেকআপ ছাড়াই খালি পায়ে বাগানে কাজ করছেন জয়া। নিজ হাতে কোদাল চালিয়ে জমির মাটি প্রস্তুত করছেন, আবার একজন সহায়তাকারীর সঙ্গে গোবর-সার মিশিয়েও কাজ করছেন। কাজের ফাঁকে দর্শকদের নিজের বাগানের বিভিন্ন গাছও ঘুরে দেখান তিনি। বাগানে রয়েছে আমগাছ, তালগাছ, জবা ফুল এবং পুকুরজুড়ে ফুটে থাকা পদ্ম।
পর্দার গ্ল্যামারাস তারকাকে এমন স্বাভাবিক ও পরিশ্রমী রূপে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইতে শুরু করে। কেউ লিখেছেন, “মাটির মানুষ বলেই এত সুন্দর।” আবার কেউ মন্তব্য করেছেন, “মাটির সঙ্গে সম্পর্কই প্রকৃত সৌন্দর্যের পরিচয়।”
অনেকেই রসিকতার ছলে মন্তব্য করেছেন, নিয়মিত কোদাল চালানোই হয়তো তারুণ্য ধরে রাখার রহস্য। কেউ লিখেছেন, “সুন্দর ও ফিট থাকার আসল উপায় হলো কায়িক পরিশ্রম।”
বয়সকে হার মানিয়ে সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার কারণে বরাবরই আলোচনায় থাকেন জয়া আহসান। তবে তার মতে, ফিট থাকার জন্য প্রতিদিন জিমে যাওয়াই একমাত্র উপায় নয়। এর আগে ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নতুন কোনো সিনেমার প্রয়োজনে কয়েক মাস পিলাটিজ বা শরীরচর্চা করলেও সারা বছর নিয়মিত জিম করেন না।

জয়ার ভাষায়, প্রকৃতির কাছাকাছি থেকে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, “জিম যে দরকার, তা অস্বীকার করি না। তবে নিয়মিত জিম করা হয় না। আমি নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করি। চাষ করি, মাটি প্রস্তুত করি, প্রয়োজনে নিজেই কোদাল দিয়ে মাটি কোপাই।”
তার এই সহজ-সরল জীবনধারা, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শ্রমকে সম্মান করার মানসিকতা আবারও ভক্তদের মুগ্ধ করেছে। অনেকের মতে, তারকা পরিচয়ের বাইরেও মাটির সঙ্গে জয়া আহসানের এই নিবিড় সম্পর্কই তাকে আরও ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক করে তুলেছে।
