মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন
পলাশ খাঁন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মার্শাল আর্টের জনক, কিংবদন্তি ব্যক্তিত্ব ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন করা হয়েছে। বিশেষ এই দিনটি উদযাপন এবং দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদানকে সম্মান জানাতে বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে তাঁর সব শিষ্য, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিশেষ শুভেচ্ছা বিনিময় ও প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়।
ওস্তাদ জাহাঙ্গীর আলম দেশের প্রথম জাতীয় কারাতে কোচ, বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের (বিএফকেএ) প্রতিষ্ঠাতা সভাপতি, চলচ্চিত্র নায়ক, প্রযোজক ও পরিচালক এবং বাংলাদেশের মার্শাল আর্টের স্বপ্নদ্রষ্টা। তাঁর হাত ধরেই বাংলাদেশে মার্শাল আর্টের বিপ্লব ঘটেছিল। একই সঙ্গে ঢালিউড চলচ্চিত্রে অ্যাকশন ধারাকেও তিনি দিয়েছেন এক নতুন রূপ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় শাখা মেরুল বাড্ডায়। পরে রাতে ঢাকার মগবাজারের হোটেল রেড অর্কিডে পরবর্তী পর্ব অনুষ্ঠিত হয়। এসময় দেশের এই খ্যাতিমান মার্শাল আর্ট গুরুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কেক কাটা ও প্রীতি ভোজের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সদস্যসচিব ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএম আশরাফুল ইসলাম আশরাফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলমের সহধর্মিণী চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, দুই ছেলে তাজওয়ার আলম ও রাজওয়ার আলম ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সালাম মাহমুদ, হাফিজুর রহমান, সিনিয়র ছাত্র আমিনুল ইসলাম, খ্যাতিমান খল-অভিনেতা আব্দুল লতিফ চিতা, মিজানুর রহমান, নজরুল ইসলাম ও হোসেন মাসুম।
অনুষ্ঠানে মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলফিকার হুসাইন সোহাগ ও আবু তাহেরসহ মার্শাল আর্টের তরুণ ও প্রবীণ শিষ্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হানিফ, বাবু, রতন, শহিদুল, সাইফুল, জালাল, মিজান, ইসমাইল, জুয়েল, পাভেল, সাঈদ ও সংযম ইসলাম প্রাপ্ত। এছাড়া বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশন, মেরুলবাড্ডা, হাতিরঝিলের সব ছাত্র-ছাত্রী এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র-ছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
