×

ঢালিউড

সুখবর দিলেন মৌসুমী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

সুখবর দিলেন মৌসুমী

ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পেয়েছেন। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর এ অনুমতি পাওয়ার সুখবর জানিয়েছেন তিনি। এতে বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে। তবে অসুস্থ মায়ের দেখাশোনার দায়িত্ব থাকায় আপাতত যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে এ অভিনেত্রীকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি অনুষ্ঠানে গ্রিনকার্ড পাওয়ার খবর জানান মৌসুমী। দীর্ঘদিন ধরে অনুমতির অপেক্ষায় থাকায় তার যাতায়াতে সীমাবদ্ধতা ছিল। নতুন এ অর্জনের পর কবে দেশে ফিরবেন এবং আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

২০২৩ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নব্বইয়ের দশকের জনপ্রিয় এ অভিনেত্রী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘদিন প্রবাসে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি মৌসুমী।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘কন্ট্যাক্ট ম্যারেজ’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি। পরে এটি বাংলাদেশে সিনেমা হিসেবে মুক্তি পায়। কাজটি ঘিরে বিতর্কও তৈরি হয়। অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীর একটি অডিওবার্তা শেয়ার করে দাবি করেন, সিনেমার প্রকল্প হিসেবে কাজটি করেননি মৌসুমী; বরং তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে পরিচালক হাসান জাহাঙ্গীর দাবি করেন, তিনি নিয়ম মেনেই কাজটি করেছেন। এ বিষয়ে সিনেমার চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়।

এদিকে, মাস দুয়েক আগে যুক্তরাষ্ট্রে আরও একটি প্রকল্পে অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছেন মৌসুমী। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে গান গেয়েও দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

সম্প্রতি মৌসুমীকে ঘিরে পারিবারিক একটি গুজব ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ছেলে ফারদিন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে ওমর সানী এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রতিবাদ জানান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে এসব গুজব ছড়ানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। পরে ফারদিনও ভিডিওবার্তায় মায়ের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ থাকার কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানীও মাঝেমধ্যে মৌসুমীর সঙ্গে ভিডিওকলে কথা বলার মুহূর্ত প্রকাশ করেন।

মৌসুমী যুক্তরাষ্ট্রে, ছেলে ফারদিন দুবাইয়ে এবং ওমর সানী বাংলাদেশে থাকায় পরিবারটির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌসুমীর। এরপর ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘মেঘলা আকাশ’ ও ‘দেবদাস’সহ বহু সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় তার। দীর্ঘ অভিনয়জীবনে স্বতন্ত্র উপস্থিতি ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য এখনো দর্শকদের কাছে জনপ্রিয় মৌসুমী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App