×

রোগব্যাধি

দেশে হামের সংক্রমণ, টিকার বাইরে ১০ শতাংশ শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৪১ এএম

দেশে হামের সংক্রমণ, টিকার বাইরে ১০ শতাংশ শিশু

ছবি : সংগৃহীত

দেশে অতি সংক্রামক রোগ হাম উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১২টি জেলায় এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে অন্তত চার ডজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কয়েক হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৮৬ থেকে ৯০ শতাংশ শিশু টিকা পেলেও অন্তত ১০ শতাংশ শিশু বাদ পড়ে যায়। এই ‘মিসিং’ শিশুরা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ে এবং কয়েক বছর পর বড় আকারে সংক্রমণ দেখা দেয়। দীর্ঘদিন ধরে টিকাদান কার্যক্রমে ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা এবং রোগ নজরদারির অভাব বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো আক্রান্ত ও মৃত্যুর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় তথ্য পাওয়া যায়নি। সংস্থাটির এমআইএস ও রোগ নিয়ন্ত্রণ শাখাও নির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও ভোলায় সংক্রমণ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক হালিমুর রশিদ জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের আইসোলেশনে রাখা হচ্ছে। রাজধানীর শিশু হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

তথ্য অনুযায়ী, ঢাকার সংক্রামক রোগ হাসপাতালে ২২ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন (সন্দেহভাজন), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত আট বছরে দেশে এই রোগের টিকা দেওয়া হয়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই বক্তব্যকে সঠিক নয় বলে দাবি করেছেন। তাদের মতে, টিকা ইপিআই কর্মসূচির নিয়মিত অংশ হিসেবে সবসময় দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পরপর ক্যাম্পেইনও পরিচালিত হয়।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, অনেক শিশু ৯ মাস বয়সে প্রথম ডোজ নেওয়ার আগেই আক্রান্ত হচ্ছে। ফলে টিকাদানের সময়সূচি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ২০২০ সালে দেশে ক্যাম্পেইন চালানো হয়েছিল, ২০২৪ সালে পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তবে আগামী এপ্রিলে নতুন করে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন চালুর প্রস্তুতি চলছে, যা গ্যাভির সহায়তায় পরিচালিত হবে।

আরো পড়ুন : সরকারের কাছে বাড়তি জ্বালানি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, প্রতি চার বছর অন্তর ফলোআপ টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে বাদ পড়া শিশুদের আওতায় আনা প্রয়োজন।

সংক্রামক ব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা. আরিফুল বাশার বলেন, নিয়মিত টিকাদানে ১০ শতাংশ শিশু বাদ পড়ে যাওয়ায় কয়েক বছর পরপর সংক্রমণ বাড়ে। আগে ৯ মাস বয়সের পর শিশু আক্রান্ত হলেও এখন ৬ মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক।

ইপিআই কর্মসূচির আওতায় এক বছরের কম বয়সী শিশুদের ১১টি প্রাণঘাতী রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ডিফথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস-বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-বি, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও এবং হাম-রুবেলা। তবে ২০২৪ সাল থেকে স্বাস্থ্য খাত সংস্কারের অংশ হিসেবে অপারেশনাল প্ল্যান থেকে ‘আমব্রেলা অ্যাপ্রোচ’-এ যাওয়ায় টিকাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

জাতীয় টিকাদান সূচি অনুযায়ী, শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হয়। দেশে প্রতি বছর প্রায় ৪০ লাখ শিশুর জন্য এই টিকার প্রয়োজন হয়। আগে অপারেশনাল প্ল্যানের মাধ্যমে টিকাদান, হাসপাতাল সেবা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হলেও তা স্থগিত হওয়ায় নিয়মিত টিকাদান ব্যাহত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরামর্শক ডা. মুশতাক হোসেন বলেন, এটি নতুন কোনো প্রাদুর্ভাব নয়; ২০২৪ সাল থেকে চলমান টিকাদান ঘাটতির ফলেই পরিস্থিতি সাম্প্রতিক সময়ে তীব্র হয়েছে। তিনি জানান, যথাযথ সাপোর্টিভ চিকিৎসা থাকলে হামে মৃত্যুর ঝুঁকি কম, তবে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা ও আইসিইউ সংকটের কারণে ঝুঁকি বেড়েছে।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০৬ শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। পাবনায় ২৭ শিশু চিকিৎসাধীন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন দিনে ৩০ শিশু ভর্তি হয়েছে, বর্তমানে সেখানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

টানা ৫ দিন দেশজুড়ে শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

পুত্র সহজকে লেখা রাহুলের শেষ চিঠি

পুত্র সহজকে লেখা রাহুলের শেষ চিঠি

বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

বিশ্বজুড়ে হামের ভয়াবহ সংক্রমণ, নেপথ্যে যে কারণ

বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

বিচারকের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App