শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
পারিবারিক গল্পনির্ভর দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটির সমাপ্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। তবে নাটকটি ঠিক কততম পর্বে গিয়ে শেষ হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বর্তমানে ধারাবাহিকটির ৪৬টি পর্ব প্রচার হয়েছে। অল্প সময়ের মধ্যেই পারিবারিক গল্প, সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা ও মমত্ববোধের উপস্থাপনায় নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। জানা যায়, পাকিস্তানের জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই নাটক।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত।
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, পরিবার আমাদের সমাজের মূল শক্তি। পরিবারকে ঘিরে বলা গল্প সবসময়ই মানুষের হৃদয়ে দাগ কাটে। সে কারণেই নাটকের ট্যাগলাইন রাখা হয়েছিল ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’
তিনি আরো বলেন, এই ধারাবাহিকে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান।
নাটকটির সাফল্য প্রসঙ্গে নির্মাতা জানান, শুরু থেকেই তিনি বিশ্বাস করেছিলেন দর্শকের কাছে এটি পৌঁছাবে। তবে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছেন। তার ভাষায়, আগের কয়েকটি সফল নাটক থাকলেও এই ধারাবাহিক সবকিছুকে ছাড়িয়ে গেছে।
শুধু গল্প নয়, নাটকটির গানও দর্শকদের মন জয় করেছে। টাইটেল গানে কণ্ঠ ও সুর দিয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন দোলা রহমান। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর।
এদিকে শনিবার ছিল নাটকটির শেষ শুটিং দিন। আবেগঘন পরিবেশে শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে সমাপ্তির ঘোষণা দেন। চ্যানেল আইতে প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচারের পর নাটকটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।
