হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং পরে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, একদল ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছেন।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারার পাশাপাশি শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাই এবং ভাইয়ের ছোট সন্তানও উপস্থিত ছিল বলে জানান তিনি।
সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। লাইভে তাকে বেশ আতঙ্কিত দেখা যায় এবং মুখে আঘাতের চিহ্নও লক্ষ্য করা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
বাঁধন বলেন, ভাইয়ের সঙ্গে একটি পার্কে গেলে কয়েকজন বাঙালি তার কাছে এসে তাকে হেনস্তা করেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারেন এবং তাকে মারধর করেন। এ সময় তার ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছেও আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিনেত্রীর দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। একই সঙ্গে তাকে জোর করে নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান দিতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন বাঁধন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং এ পরিচয় নিয়েই তিনি গর্বিত। হামলার সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন বলেও লাইভে উল্লেখ করেন তিনি।
&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" class="note-video-clip">
ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু কর্মী জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলাকারীদের একজনকে বাঁধনকে উদ্দেশ করে রাজনৈতিক বক্তব্য দিতে শোনা যায়। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লাইভে বাঁধন আরও বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি বাংলাদেশের একটি সিনেমার প্রতিনিধিত্ব করতে গিয়েছেন। হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য বা পদক্ষেপ নেওয়ার আগে তার সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া উচিত।
এ ধরনের আচরণ কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি পুনর্গঠনে সহায়ক হবে না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
এদিকে, ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পাশাপাশি সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও কথা বলতে দেখা যায় তাকে। সেই রাজনৈতিক অবস্থানের কারণেই ভেনিসে তাকে লক্ষ্য করে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
