ক্ষমা চাইলেন আলভী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি : সংগৃহীত
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী। স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি তুলে ধরেছেন শূন্যতা, অনুশোচনা, অভিমান এবং একমাত্র সন্তান রিজিককে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার কথা।
এর আগে স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি করা হয় অভিনেতা জাহের আলভীকে। মামলাটিতে কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলভী লেখেন, ‘তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।’
স্ত্রী বেঁচে থাকলে জন্মদিনটি কীভাবে উদ্যাপন করতেন, সেই স্মৃতিও তুলে ধরেন অভিনেতা। তিনি লেখেন, ইকরা বেঁচে থাকলে হয়তো এ সময়ে তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন। বিশেষ এই দিনে স্ত্রীর কাছে কিছু বিষয়ে ক্ষমাও চান তিনি। তাঁদের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে আলভী বলেন, বন্ধুর কাছে সরি বলতেই পারেন তিনি।
ইকরার মৃত্যুর পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন আলভী। নিয়মিত খাওয়াদাওয়া, গোসল, গান শোনা, হাসি, শুটিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার মতো স্বাভাবিক কাজগুলো চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এসব কারণে নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে পোস্টে আক্ষেপ প্রকাশ করেন অভিনেতা।
পোস্টে নিজের জীবন ও দায়িত্ববোধের কথাও তুলে ধরেছেন আলভী। একমাত্র সন্তান রিজিককে নিয়ে ভালো থাকার চেষ্টা এবং তাকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার দায়িত্বের কথা উল্লেখ করেন তিনি। স্ত্রীকে উদ্দেশ করে আলভী প্রশ্ন তোলেন, তাঁর চলে যাওয়ার পরও কেন জীবন থেমে থাকেনি, কেন তিনি এখনো গান করেন, ছবি পোস্ট করেন এবং জীবিকা নির্বাহের জন্য শুটিংয়ে যান।
ইকরার প্রতি নিজের ভালোবাসা ও অভিমান প্রকাশ করে আলভী লেখেন, নামাজের বিছানায় মোনাজাতের সময় ইকরা তাঁর প্রার্থনায় সবার আগে থাকেন। সন্তানের মা হিসেবে ইকরা তাঁর স্মৃতিতে বেঁচে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
আলভী আরও লেখেন, ‘একশ একটা অভিমান তোমার প্রতি, তবু কোনো ক্লেশ নেই, দেখা হবেই তোমার সঙ্গে, মিস নাই। বাকি আড্ডা সেদিনের জন্য রেখে দিলাম। অভিমানটাও।’
পোস্টের শেষ দিকে প্রয়াত স্ত্রীকে উদ্দেশ করে অভিনেতা লেখেন, ‘আর যেখানেই থাকো, ভালো থাকো আর আমাদের দেখে রাইখো, বিশেষ করে আমাদের রিজিককে।’
পোস্টজুড়ে ইকরার প্রতি ভালোবাসা, অভিমান, অনুশোচনা এবং আবারও দেখা হওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেছেন জাহের আলভী। একই সঙ্গে প্রয়াত স্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
