×

অর্থনীতি

শুল্কমুক্ত থাকছে না সংসদ সদস্যদের গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৩:৫৭ পিএম

শুল্কমুক্ত থাকছে না সংসদ সদস্যদের গাড়ি

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। বর্তমানে তাদের গাড়ি আমদানি করতে কোনো শুল্ক দিতে হয় না। গত ১৫ বছরে এই নিয়মের আওতায় ৫ হাজার ১৪৭ কোটি টাকার শুল্ক দিতে হয়নি এ সময়কালের সংসদ সদস্যদের।

এনবিআরের আমদানি তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার আওতায় ৫৭২টি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা। কাস্টমসের হিসাবে, এসব যানবাহনের মূল্য প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকা।

এনবিআর কর্মকর্তারা জানান, সুবিধার আওতায় এসব গাড়ির জন্য সরকার অন্তত ৫ হাজার ১৪৭ কোটি টাকার কর মওকুফ করেছে। তারা আরো জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় এই সুবিধা প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করবে এনবিআর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি হলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির ওপর আমদানি শুল্ক আরোপ করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাতের যে রেশিও সেটি উন্নত করা প্রচেষ্টার অংশ এই প্রস্তাব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী, আমরা এমন শুল্কমুক্ত সুবিধা দিয়ে যেতে পারব না। চাল, গম ও সারের মতো ২০-২৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপ করা উচিত।

এনবিআর কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সামনে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক ছাড় সুবিধার সারসংক্ষেপ উপস্থাপন করবেন। এর অধীনে আইন প্রণেতারা ২০২২-২৩ অর্থবছরে গাড়ি আমদানিতে ৮১৬ কোটি টাকা এবং চলতি অর্থবছরের ৩০ মার্চ পর্যন্ত ৩৫১ কোটি টাকা শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন। এনবিআরের ওই কর্মকর্তা বলেন,  প্রস্তাব অনুযায়ী, সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর অন্যান্য করের সঙ্গে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।

এনবিআরের তথ্যে দেখা যায়, ২০০৯ সাল থেকে সংসদ সদস্যদের আমদানি করা ৫৭২টি গাড়ির মধ্যে অন্তত ৫৬৩টি জাপান থেকে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার ও মিতসুবিশি পাজেরোস। এই গাড়িগুলোর বেশিরভাগের ইঞ্জিন ক্ষমতা ৪.৫ লিটারের উপরে। একজন আমদানিকারককে ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে গাড়ি প্রতি ৮৯ থেকে ৮৫০ শতাংশ শুল্ক দিতে হয়।

এনবিআরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, 'এটি একটি সময়োপযোগী এবং সঠিক উদ্যোগ।' তিনি বলেন, 'বিশ্বের আর কোনো দেশে এই ধরনের সুবিধা আছে বলে আমার জানা নেই।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App