দেশের রিজার্ভ বাড়লো
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক, গত এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৬ কোটি ১০ লাখ ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বিপিএম ৬ হিসাবপদ্ধতি অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
বর্তমানে বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ ২ হাজার ৪২৭ কোটি ডলার। এর আগে, এক সপ্তাহ আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর দুই মাসের বিল পরিশোধের পর, নভেম্বরের মাঝামাঝি সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা, যার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে, শ্রীলঙ্কা সম্প্রতি দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় তালিকা থেকে বাদ পড়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের মধ্যে আকু বিল পরিশোধ ছাড়াও বাংলাদেশকে দৈনন্দিন ভিত্তিতে বিদেশি ঋণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। এছাড়া সরকারের জরুরি আমদানি ব্যয় পরিশোধের জন্য রিজার্ভ থেকে ডলার বিক্রিও করা হয়।
অন্যদিকে, বৈদেশিক ঋণ, অনুদান এবং প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ার মাধ্যমে রিজার্ভে যোগ হয়।
