×

অর্থনীতি

বারভিডা নির্বাচন ২১ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম

বারভিডা নির্বাচন ২১ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর সব জটিলতা কাটিয়ে শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নির্বাচন। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী এটি হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনের শীর্ষ নেতা আব্দুল হক। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আব্দুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় উভয়পক্ষের শুনানি নিষ্পত্তি করে এবং নির্বাচনের অন্তরায় হিসেবে জারি করা পত্রটি প্রত্যাহার করে নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুলক কুমার মণ্ডল স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০৪১.৯২.৮১৫ নম্বর স্মারকের পত্রটি নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

তিনি বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে সংগঠনের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার চেষ্টা করেছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঠিক সিদ্ধান্ত এবং শুনানি নিষ্পত্তির মাধ্যমে আমরা সব বাধা কাটিয়ে উঠেছি। শনিবার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ব্যবসায়িক নেতা বলেন, আপনারা অবহিত আছেন, রিকন্ডিশন্ড গাড়ি সেক্টরে রয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। সর্বোপরি প্রতিবছর কয়েকহাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ খাত। জাতীয় বাজেট প্রণয়নেও এ খাতের পরামর্শ সরকার গ্রহণ করে থাকে। ফলে এখানে দক্ষ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। সরকার প্রশাসন এবং উচ্চ আদালত বিষয়টি উপলব্ধি করেছেন। সেই নিরিখে সিদ্ধান্ত দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

আব্দুল হক বলেন, পাহাড়সম বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচনের পথকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছে কতিপয় মহল। তাদের চক্রান্তের মধ্যে ছিল বহুবিধ কৌশল, ষড়যন্ত্র, দুরভিসন্ধিমূলক অপপ্রচার, কুৎসা রটনা, মিথ্যার আশ্রয়, নেতৃস্থানীয় প্রার্থীদের অপমান অপদস্থ করা, মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ইত্যাদি। একের পর এক মামলা ঠুকে দিয়েছে নির্বাচন বিরোধী এক অপশক্তি। 

তিনি বলেন, আপনারা জেনে বিস্মিত হবেন, আমার সহযোগী প্রার্থী রিয়াজ রহমানকে হত্যা মামলার আসামি করা হয়েছে। আলহামদুলিল্লাহ উনি এখন মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। বারভিডার বর্তমান কমিটি, নির্বাচন পরিচালনা বোর্ড, নির্বাচন আপিল বোর্ড, সবাইকে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা-ফ্যাসিবাদের সহযোগি তকমা দেয়া হয়েছে। বারভিডার বর্তমান কমিটি বাতিল, নির্বাচন বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগ চেয়ে সরকারের নিকট আবেদন করা হয়েছিল। উচ্চ আদালতে ৫টি রিট মামলা করা হয়েছে। সবগুলোতে আমরা জয়লাভ করেছি। 

সংগঠনের শীর্ষ নেতা বলেন, আমাকে ও আরেক সহকর্মী আনিস সাহেবকে মিথ্যা অভিযোগ এনে নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছিল। অথচ এসবই ছিল বহু পুরোনো মিমাংসিত বিষয়। এই অশুভ চক্র বারভিডায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করার সাহস না পেয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ায়। তাদের মদদদাতা অর্থদাতা মহলের সঙ্গে সিন্ডিকেট করে নির্বাচন বানচালের প্রকল্প নিয়ে বহুমুখি প্রচেষ্টা অব্যাহত রাখে। এই অপরাধী চক্রের ভয়ংকর দূরভিসন্ধির লক্ষ্য হলো নেতৃত্ব শূন্য করে বারভিডা দখল করা।  

আব্দুল হক বলেন, আল্লাহর অসীম রহমত, হাজারো ব্যবসায়ীদের দোয়া ও আপনাদের স্বতস্ফুর্ত সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা এই ভয়ংকর ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সক্ষম হয়েছি। সর্বশেষ বাধা বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করলে ২১ ডিসেম্বর পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের সব বাধার অবসান ঘটে। ইনশাল্লাহ্ ২১ ডিসেম্বর বারভিডার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সংগঠনের নেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বারভিডার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তারা বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনের খবর পেয়ে শত শত সদস্য নয়াপল্টনের হক্স বে সেন্টারে ভিড় জমিয়ে উল্লাস প্রকাশ করেন।

উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে তারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। শনিবারের নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App