দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান জ্বালানিমন্ত্রী।
জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। মজুতকৃত ডিজেলের পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল রয়েছে ১৬ হাজার টন।
আরো পড়ুন : প্রতিদিন ৩ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রেখেছে। পাশাপাশি অবৈধ মজুত ও কালোবাজারি রোধে অভিযান চালানো হচ্ছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
