বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন। ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বড় ধরনের চাপের মুখে পড়েছে। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮.৯৮ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ৭ এপ্রিলের পর স্বর্ণের সর্বনিম্ন দাম। অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়া এবং তেলের দাম বৃদ্ধি পাওয়াতে মার্কিন ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান,‘শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। এর ফলে ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণ আবারও চাপে পড়েছে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকরা মনে করছেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়াতে পারে। আর এই সুদহার বাড়ার আশঙ্কাই স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামেও পতন লক্ষ্য করা গেছে। রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪.২৩ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪.৯৫ ডলারে। তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫.৭৭ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে স্বর্ণের দাম এখনো বেশ উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
