ফের বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৫৭ এএম
ছবি : সংগৃহীত
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ১ জুন থেকে কার্যকর হবে।
আরো পড়ুন : ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়
এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।
এদিকে চলতি বছরের ১৮ এপ্রিলও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। সাধারণত আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে দেশের জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়।
