কাঁচাবাজারে নেই স্বস্তি, মাছ-মুরগির দাম চড়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
ফাইল ছবি
রাজধানীর কাঁচাবাজারে নেই কোনো স্বস্তির খবর। বাজারে সবজি, মাছ ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে একই চিত্রে হিমশিম খাচ্ছে মধ্যম আয়ের মানুষ।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও শেওড়াপাড়া বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই প্রতি কেজি ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম কেজিতে ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গরু ও খাসির মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং ছাগল ও খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে ইলিশের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আলোচনা বেশি দেখা গেছে। আকারভেদে ইলিশ প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পাঙ্গাস মাছ প্রতি কেজি ২০০ টাকা, বড় রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ২৫০ থেকে ২৭০ টাকা, কাতলা ২৫০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ছোট মাছের মধ্যে কাঁচকি প্রতি কেজি ৩০০ টাকা এবং মলা মাছ ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পাইকারি পর্যায়েও সামুদ্রিক মাছের দাম তুলনামূলক বেশি। বড় সাইজের সুরমা মাছ ৩০০ টাকা, রুপচাঁদা ৬০০ থেকে ৮০০ টাকা, লাল কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা এবং বাটা মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। অধিকাংশ সবজিই ৫০ থেকে ৬০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচকলা প্রতি হালি ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোলআলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, লাউ, শসা, ফুলকপি, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাকসহ অন্যান্য সবজির দামও আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে।
সবজি বিক্রেতারা জানান, তাদের কাছেও পাইকারি বাজারে দামের তেমন কোনো কমতি নেই। তাই খুচরা পর্যায়ে কম দামে সবজি বিক্রি করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, বাজারে আসা ক্রেতা বলেন, বাজারে সব পণ্যের দাম আকাশচুম্বী। কোনো কিছুর দামই নাগালের মধ্যে নেই। ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। মাছ-মাংস কিনব কীভাবে?
বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, বর্তমান দামে মাসিক সংসারের বাজেট মেলানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। আগে সপ্তাহে এক-দুদিন মাছ কিংবা ভালো মানের মাংস কেনা সম্ভব হলেও এখন হিসাব করে বাজার করতে হচ্ছে। অনেকের মতে, মুরগির দামও আগের মতো নাগালের মধ্যে নেই।
