৫ বছরের মধ্যে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। গত কয়েক বছরে মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। মাঝেমধ্যে সামান্য ওঠানামা হলেও দীর্ঘমেয়াদে মূল্যবৃদ্ধির ধারা স্পষ্ট। ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ১ হাজার ৫৮৫ মার্কিন ডলার, যা বর্তমানে ৪ হাজার ৫০০ ডলারেরও বেশি। এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে
মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা এমন সম্পদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখতে সক্ষম। অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার তুলনামূলকভাবে কম থাকায় ব্যাংকে অর্থ রাখার পরিবর্তে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন অনেকেই। ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের দামও ঊর্ধ্বমুখী হচ্ছে।
ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে তাদের স্বর্ণের মজুত বৃদ্ধি করছে। বিশেষ করে চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ কিনছে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮ হাজার মার্কিন ডলারে পৌঁছাতে পারে। অর্থাৎ বর্তমান দামের তুলনায় আগামী পাঁচ বছরে স্বর্ণের মূল্য প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
