১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। এর আগে মাসের প্রথম পাঁচ দিনেই এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ১৮ দিনের মাথায় মোট প্রবাসী আয় ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
