কাঁচাবাজারে আগুন, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে আগুন লেগেছে। বাজারভেদে সাধারণ ক্রেতাদের বড় অংশই পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না। এমনকি রন্ধনশালার নিত্যপণ্যের অন্যতম অনুষঙ্গ কাঁচা মরিচের দাম ঠেকেছে ২৮০ থেকে ৩০০ টাকায়।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে সবজির আকাশচুম্বী মূল্যের এমন চিত্র।
বাজার ঘুরে দেখা যায়, সীমিত কয়েকটি সবজি ব্যতীত প্রায় সব পণ্যের দামই ১০০ থেকে ১৬০ টাকার ঘরে ওঠানামা করছে। আজকের বাজারে প্রতি কেজি কচুর লতি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১৪০ টাকা এবং পটল ও চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর সবজির মধ্যে পেঁপে ৪০ টাকা কেজি হলেও প্রতি পিস লাউ ১০০ টাকা ও জালি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া প্রতি কেজি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, করলা প্রতি কেজি ১২০ টাকা, উচ্ছে প্রতি কেজি ১৪০ টাকা, শসা প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১২০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁকরোল প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
ছুটির দিনে বাজারে এসে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকুরিজীবী আলী নিজের ক্ষোভ প্রকাশ করে জানান, ‘গত কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি যাচ্ছে। তবে আজ এসে দেখছি, সবজির দাম আরও বেড়েছে। বলতে গেলে বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা কেজি। কাঁচা মরিচ কিনলাম ২৮০ টাকা কেজি, অনেক জায়গায় আবার ৩০০ টাকা। এত দাম দিয়ে সবজি কিনে খাওয়া কি সম্ভব? বর্ষায় বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে পারে। তাই বলে এতটা বাড়বে আর বাজারে কোনো মনিটরিং হবে না, সেটা কীভাবে হয়? বিক্রেতারা যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। কোনটার কত বাড়বে, সেটা দেখার মনে হয় কেউ নেই। ’
একই রকম অভিযোগ জানিয়ে রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, ‘গত কিছুদিন তাও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে সবজিগুলো ছিল। আজকের বাজারে বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা। সবজিই যদি এত বেশি দামে কিনে খেতে হয়, তাহলে মাছ, মাংস আর মুরগি কীভাবে কিনব? সেগুলোর তো আরও বেশি দাম।’
সবজির বাড়তি দাম নিয়ে রাজধানীর শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, ‘সবজির দাম কমই যাচ্ছিল, কিন্তু গেল কয়েক দিনের বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে সবজির সরবরাহ কম, বৃষ্টির কারণে। অনেক স্থানে কৃষকের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। এ ছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টির কারণে ঢাকায় সবজি কম আসছে। সব মিলিয়ে বাজারে সবজির দাম বেড়েছে। বৃষ্টি চলমান থাকাকালীন সময়ে সবজির দাম বাড়তিই যাবে। আবহাওয়া ভালো হওয়ার পর থেকে সবজির দাম কমে আসবে।’
