×

অর্থনীতি

মালয়েশিয়া শ্রমবাজার

২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার, চার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

২৫ এজেন্সির তালিকা নিয়ে উদ্বেগ বায়রার, চার দাবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পরিচালিত হলে নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।

সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

বায়রা বলছে, অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ায় সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ উঠেছিল।

এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

বায়রার প্রশ্ন, দেশে প্রায় ২ হাজার ৫০০টি লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মালয়েশিয়ার শ্রমবাজার মাত্র ২৫টি এজেন্সির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুন: ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সংগঠনটি বলেছে, কোনো বিশেষ গোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দিয়ে অন্য বৈধ এজেন্সিগুলোকে বঞ্চিত করা হলে শ্রমবাজারে সুস্থ প্রতিযোগিতা বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে এতে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে।

সরকারের হস্তক্ষেপ চায় বায়রা

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছে বায়রা।

সংগঠনটির দাবি, ২৫টি এজেন্সির তালিকা কীভাবে করা হয়েছে এবং এজেন্সিগুলো বাছাইয়ের প্রক্রিয়া কী ছিল—তা সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা কার্যকর না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

বায়রা আরও বলেছে, ইতোমধ্যে নেপালে ২৫টি এজেন্সিকে নিয়ে গঠিত সিন্ডিকেট প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমান সরকারও অতীতের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেবে না বলে তারা আশা করছে।

সংগঠনটির মতে, দেশের রেমিট্যান্স, বৈদেশিক কর্মসংস্থান এবং সাধারণ কর্মীদের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে না রেখে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ব্যবস্থায় পরিচালনা করা উচিত।

বায়রার চার দাবি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চার দফা দাবি জানিয়েছে বায়রা। দাবিগুলো হলো—

>২৫টি এজেন্সিকেন্দ্রিক সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।

>মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করতে হবে।

>কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়।

>প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিস চালু করে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে।

বায়রা বলছে, মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা গেলে একদিকে কর্মীদের অভিবাসন ব্যয় কমবে, অন্যদিকে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোও সমানভাবে কাজ করার সুযোগ পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা-ভাই গুরুতর আহত

মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা-ভাই গুরুতর আহত

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App