খেলাপিদের বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি : সংগৃহীত
দেশের বড় অঙ্কের ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে—এমন গ্রাহকরা দুই বছর কিস্তি পরিশোধে বিরতি নিয়ে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়নের সুযোগ পাবেন।
তবে এক হাজার কোটি টাকার কম খেলাপি ঋণ রয়েছে—এমন গ্রাহকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন না।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ এই সুবিধা নিতে আগ্রহী গ্রাহকদের আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ডিসেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় আগে সুবিধা নেওয়া গ্রাহকরাও নতুন করে আবেদন করতে পারবেন। তবে যারা এর আগে বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের ক্ষেত্রে আগের সুবিধার মেয়াদ বাদ দিয়ে নতুন আবেদন বিবেচনা করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, খেলাপি ঋণের চাপ কমানো এবং সংকটে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে এ সুযোগ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।
মূলত এসব বড় শিল্পপ্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের সুযোগ দিতে এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকা গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি পুনঃতফসিল ও ঋণ পরিশোধে বিরতির বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নীতিগত সহায়তার মাধ্যমে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরতে পারবে এবং পর্যায়ক্রমে খেলাপি ঋণের পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে।
