ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধে ডাকসুর স্মারকলিপি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৫:০৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
করোনা ভাইরাস প্রতিরোধে ও শিক্ষার্থীদের সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সাময়িক বন্ধ রাখার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (১৫ মার্চ) ডাকসু ভবনে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও এজিএস সাদ্দাম হোসেন।
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ডাকসুর সর্বসম্মতি সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের আহবান জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব। তাই বিশ্বব্যাপী এ মহামারি মোকাবেলায় তারা আমাদের দাবীসমূহ পূরণ করবে।
এ বিষয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, সভাতে মোটামুটি সবাই বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের পক্ষে মত দিয়েছেন। এসময় লিখিত সংবাদ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবাই বন্ধের পক্ষে কিন্তু বিজ্ঞপ্তি দিতে অনেককে অনিচ্ছা প্রকাশ করতে দেখা গেছে।
এজিএস সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ প্রকল্পে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা, সভা সমাবেশে বিধি নিষেধ আরোপ, আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে আলাদাভাবে করোনাভাইরাসের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপন গণ জমায়েত, গণ পরিবহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে ক্যাম্পাস বন্ধের দাবিতে উপাচার্যকে স্মারক লিপি দেওয়ার পর তিনি আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো পথ নেই বলে জানান তিনি।
সর্বশেষ পাওয়া তথ্যমতে বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার সবদ্ধান্ত নিয়েছে। এদের অধিকাংশ বিভাগেই মিড টার্ম পরীক্ষা চলছিল। এসকল বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে করোনাভাইরাসের মহামারি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচাতে অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় রাজুর ভাস্কর্যের পাদদেশে তারা অনশনে বসেন।
ওই শিক্ষার্থীরা হলেন টেলিভিশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন ও কে এম তুর্য।
