জবিতে প্রথমবার ‘ভিসি রিসার্চ অ্যাওয়ার্ড’, সম্মানিত ৪ শিক্ষক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য চারটি অনুষদ থেকে চারজন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সম্মাননা হিসেবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট এবং সম্মাননা চেক প্রদান করা হয়।
এবার পুরস্কার পেয়েছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর, বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাছিনা আক্তার।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে শিক্ষকদের গবেষণায় আগ্রহ বাড়বে এবং শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি জানান, আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়নে গবেষণার গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ‘র্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় তিনি ‘টিম জগন্নাথ’ হিসেবে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াবে এবং একাডেমিক পরিবেশকে আরও গতিশীল করবে।
গবেষণা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রক্রিয়ায় পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভবিষ্যতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বেস্ট আর্টিকেল অ্যাওয়ার্ডসহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পুরস্কার চালুর প্রস্তাব দেন।
