বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত- বিশ্ববিদ্যালয়ের এসব প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে।
জরুরি সেবার যানবাহনের মধ্যে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং ও অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
