সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশের সব সরকারি ও অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়কে আগামী ১০ আগস্টের মধ্যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস-২০২৬) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে এ কার্যক্রম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেকশন-২ থেকে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতি বছর পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) প্রতিবেদন প্রস্তুত করা হয়। ২০২৬ শিক্ষাবর্ষের প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে আইএমডি বিভাগের তৈরি আইপিইএমআইএস সফটওয়্যারের এপিএসএস মডিউলে আগামী ২৬ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে সব তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন : বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ
এ জন্য সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে এপিএসএস মডিউলে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের তথ্য যাচাই-বাছাই শেষে তা অগ্রায়ন করতে হবে।
পরবর্তীতে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অগ্রায়নকৃত তথ্য অনুমোদন করে আগামী ১০ আগস্টের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারের এপিএসএস মডিউলে চূড়ান্তভাবে জমা দেবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
