মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত
সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় প্রধান শিক্ষকদের নিজস্ব ডাটাশিট বা পিডিএসে হোয়াটসঅ্যাপ সুবিধাসংবলিত সচল মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
গত ২৫ আগস্ট মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উইংয়ের উপপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোর তদারকিতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে মাঠপর্যায়ে সরাসরি বা লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস
তবে মাউশির নজরে এসেছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু নেই। এতে মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় যেসব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে থাকা বর্তমান মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নতুন নম্বর দিয়ে পিডিএস হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
