শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হতে পারে।
রোববার (১৮ অক্টোবর) মাউশির একটি সূত্র জানায়, বদলি কার্যক্রমের সফটওয়্যারে কোনো জটিলতা নেই। তবে আবেদন বাতিল ও সংশোধন নিয়ে প্রার্থীদের কিছু দাবি রয়েছে। এসব দাবি পূরণের বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে মাউশির নিজস্বভাবে কিছু করার নেই বলে সূত্রটি জানিয়েছে।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “শিক্ষামন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর বদলির ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে।”
এদিকে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি না হলে ৪ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী নিজের ফেসবুক পোস্টে একটি ব্যানার শেয়ার করে এ কর্মসূচির কথা জানান।
পোস্টে বলা হয়, ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি করা না হলে ৪ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়। এ সময় মোট ১৩ হাজার ৬৭৮টি আবেদন জমা পড়ে। তবে একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
