এসেছে ওয়ারফেজের নতুন গান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত
নতুন গান নিয়ে এসেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। গানের শিরোনাম ‘মা’। প্রয়াত গীতিকার নয়ীম গহরের কথায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বাবনা করিম।
গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনা করেছে ওয়ারফেজ, রেকর্ড লেভেল ও লয় রেকর্ডস। তথ্যটি নিশ্চিত করেছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। তিনি বলেন, ‘আমরা গত বছর বলেছিলাম ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি।’
মা গানটি অফিসিয়ালি বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওয়ারফেজ টিভি, লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও আকারে এবং স্পটিফাই ও আইটিউনস থেকে অডিও আকারে প্রকাশ করা হয়।
এছাড়া ১৯ মার্চ থেকে গানটির অডিও শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপে। ১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করে ওয়ারফেজ। দীর্ঘ ৩৯ বছরে ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘অবাক ভালোবাসা’, ‘মৌনতা’, ‘তোমাকে’, ‘মহারাজ’, ‘কৈশোর’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছে ওয়ারফেজ।
