কেন নোলক সিনেমার পরিচালক বদল?
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৪:৫৮ পিএম
গত বছর ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে প্রায় এক মাস শুটিং হয় সিনেমাটির। চলতি সপ্তাহে হঠাৎ করেই নির্মাতা রাশেদ রাহা পরিচালক সমিতির কাছে লিখিত অভিযোগ করেন, তাকে সিনেমাটি থেকে সরিয়ে নতুন পরিচালক হিসেবে ইফতেখার চৌধুরীকে নেয়া হয়েছে।
অথচ ৮০ ভাগ শুটিং সম্পন্ন করেছেন তিনি। ভারতে ইফতেখার চৌধুরীর পরিচালনায় চলতি সপ্তাহে ভারতে সিনেমাটির শুটিং চলছে। সেখানে ওমর সানি, মৌসুমীসহ অন্যরা অংশ নিচ্ছেন। এ দিকে পরিচালক রাশেদ রাহাকে বাদ দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ছবির নায়ক শাকিব খান।
রাশেদ রাহাকে বাদ দেয়ার কারণে সমালোচনার মুখে পড়েছেন প্রযোজক সাকিব সনেট। তবে এই প্রযোজক উল্টো অভিযোগ এনেছেন রাশেদ রাহার বিরুদ্ধে। তিনি বলেন, রাশেদ রাহা শুটিং সেটে অপেশাদার ছিলেন। ইউনিটের সবাই তার ওপর বিরক্ত। আমি সেখানে আমার নির্বাহী প্রযোজকের কাছে স্পট খরচ পাঠিয়েছি, তিনি সেই টাকা দিয়ে আইফোন কিনেছেন। ওমর সানি-মৌসুমীকে দশ থেকে বারো দিন বসিয়ে রেখে মাত্র দুইদিন শুটিং করেছেন।
একইভাবে রাশেদ রাহার বিরুদ্ধে অভিযোগ করেছেন সিনেমার নায়িকা ববি হক। তিনি বলেন, হায়দরাবাদে রাশেদ রাহা অ্যাকশন-কাট ছাড়া কিছুই করেনি। ছবির প্রযোজক সাকিব সনেটই পুরো কাজ করেছে। বিষয়টি শিল্পীরা সবাই অবগত। রাশেদ রাহার অভিযোগের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি গত বুধবার (২৫ জুলাই) এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ভারতে এখন এই ছবির শুটিং চলছে। আমরা প্রযোজকের সঙ্গে কথা বলেছি। প্রযোজক বলেছেন ইফতেখার চৌধুরী ভিএফএক্সের কাজের জন্য তাদের সঙ্গে ভারতে গিয়েছেন। তবে আমরা খবর পেয়েছি তিনি আসলে ছবিটি পরিচালনা করছেন। আমরা ইফতেখার চৌধুরীর ম্যাসেঞ্জারে এই বিষয়টি জানতে চেয়েছি। তার বক্তব্যও আমরা শুনতে চাই। তার বক্তব্য এখনো আমরা পাইনি।
ইফতেখার চৌধুরী ও ছবির অন্যরা দেশে আসুক। তারপর আমরা সিদ্ধান্ত জানাব। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত ‘নোলক’ রাশেদ রাহার সিনেমা এবং পরিচালক সমিতি তার সঙ্গে আছে। রাশেদ রাহার সঙ্গে আলোচনা করে যদি প্রযোজক নতুন পরিচালক নিয়োগ করে তবে আমাদের কিছু বলার থাকবে না। নোলক সিনেমার শুটিং টিম ভারত থেকে দেশে ফেরার পরই ছবিটির ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে।
আপাতত, সবার প্রশ্ন এই জটিলতার সমাধান কী? ‘নোলক’ সিনেমার ভবিষ্যৎ কী? এর সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
