‘রক্ত এখন আর আগের মতো গরম নেই’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
ছবি: সংগৃহীত
মেয়ের বিয়ে দেয়ার এক সপ্তাহ পরেই হাসপাতালে ভর্তি হন শত্রুঘ্ন সিনহা। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা যায়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু ঠিক কী হয়েছিল, এই নিয়ে জল্পনা চলছেই। এ বার এই বিষয়ে মুখ খুললেন শত্রুঘ্ন নিজেই।
শত্রুঘ্ন বলেন, ‘আরে ভাই, আমার অস্ত্রোপচার হয়ে গেল, অথচ আমিই জানি না!’
হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জিজ্ঞাসা করতেই তিনি জানান, প্রতি বছরের মতো শরীরের যাবতীয় পরীক্ষানিরীক্ষা করার ছিল।
তিনি বলেন, ‘৬০ বছর বয়স যাদের হয়ে গিয়েছে, তাদের প্রত্যেককেই প্রতি বছর এই পরীক্ষানিরীক্ষাগুলি করার পরামর্শ দেব। গত তিন মাস ধরে আমি নির্বাচনী প্রচারে নানা জায়গায় গিয়েছি। তার পরেই মেয়ের বিয়ে হল। এখন তো আর আমার শরীরের রক্ত আগের মতো গরম নেই। বয়সও বেড়েছে। আগের মতো গোটা দিন কাজ করে রাতে পার্টি করার মতো শক্তিও নেই।’
আরো পড়ুন: জয়ার কেক খেয়ে নিলো কুকুর!
তিনি আরো বলেন, ‘সব কিছু ভাল ভাবেই হয়েছে। ঈশ্বরের কৃপায় আমার মেয়েও বিয়ে করে সুখী। যে সমস্ত সমালোচকেরা এই সব দেখে খুশি নন, তাদের আমার কিছু বলার নেই।’
২৩ জুন দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের আগে শোনা যাচ্ছিল, এই সম্পর্কে সম্মতি নেই শত্রুঘ্ন ও তার পরিবারের। বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর ভাই লব ও কুশ সিনহাকেও। ভিন ধর্মে বিয়ে বলেই নাকি সম্মতি ছিল না পরিবারের। তবে অভিনেত্রীর বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি মতে বিয়ে করেন জাহির ও সোনাক্ষী। মুম্বাইয়ের বান্দ্রায় বসেছিল বিয়ের আসর।
