যে কারণে সবাই ‘দ্য ডেলিভারেন্স’র গ্লেন ক্লোজকে নিয়ে বিরক্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
নেটফ্লিক্সের সাম্প্রতিক হিট প্রজেক্ট ‘দ্য ডেলিভারেন্স’ নিয়ে পরিচালক লি ড্যানিয়েলস সমালোচনার মুখোমুখি হয়েছেন। ছবিতে গ্লেন ক্লোজের চরিত্র আলবার্টা নিয়ে মূল বিতর্কটি সৃষ্টি হয়েছে।
২০১১ সালের এক প্রকৃত ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবিটি এক কৃষ্ণাঙ্গ পরিবারের গল্প তুলে ধরে, যারা তাদের বাড়িতে অতিপ্রাকৃত শক্তির হাতে আক্রান্ত হয়েছিল বলে দাবি করে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আন্দ্রা ডে, মোনিক এবং গ্লেন ক্লোজ। যেখানে ক্লোজ ডে-এর চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
যদিও ক্লোজকে একটি প্রধানত কৃষ্ণাঙ্গ কাস্টে একজন শ্বেতাঙ্গ মা হিসেবে অভিনয় করানো নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, তবে বিতর্কের মূল কারণ হলো ছবির একটি দৃশ্য। যেখানে ক্লোজের চরিত্রটি ভূতের আক্রমণের মুখে আক্রান্ত হয়ে এক্সরসিজমের (শয়তান তাড়ানোর) প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং একটি বর্ণবাদী মন্তব্য করে।
‘আমি তোমার ন্যাপি প---র গন্ধ পাচ্ছি,’ ক্লোজের চরিত্রটি ডে-এর চরিত্রকে বলে। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেখানে একজন মন্তব্য করেন, ‘লি ড্যানিয়েলস, গ্লেন ক্লোজকে দিয়ে এ কথা বলানোর জন্য তোমাকে এর মূল্য দিতে হবে।’
ড্যানিয়েলস তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা করতেই হতো।’
ছবির মুক্তির আগেই ড্যানিয়েলস দর্শকদের জন্য একটি দৃশ্য শেয়ার করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, ‘তোমরা গ্লেন ক্লোজের জন্য প্রস্তুত নও।’ তার বক্তব্য সত্যি প্রমাণিত হতে পারে।
তিনি আরো বলেন, ‘প্রত্যেক কৃষ্ণাঙ্গই একজন আলবার্টাকে চেনে। তিনি আমাদের সম্প্রদায়ের অংশ, তবে আমরা তাকে আগে কখনো পর্দায় দেখিনি। গ্লেন, তাকে জীবন্ত করে তোলার জন্য তোমাকে ধন্যবাদ।’
