শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি : সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি-এর আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে না পারলেও জীবন-জীবিকার তাগিদে আবার কাজে ফিরেছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালকশমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে অংশ নিয়েছেন। বেহালা সংলগ্ন একটি লোকেশনে চলছে সিরিজটির দৃশ্যধারণ।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রিয়াঙ্কা এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। সিরিজটির মাত্র কয়েক দিনের শুটিং বাকি রয়েছে।
শুক্রবারের শুটিংয়ে প্রিয়াঙ্কা অংশ নিলেও আগামী দিনগুলোর শিডিউলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচালক শমীক রায়চৌধুরী শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করলেও বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু জানাননি। প্রিয়াঙ্কার পাশাপাশি এদিন দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাসও শুটিংয়ে অংশ নেন।
উল্লেখ্য, সম্প্রতি উড়িষ্যার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে অভিনেতা রাহুলের মৃত্যু হয়। এই ঘটনায় প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারি উভয় জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কয়েক দিন নিজেকে সামলে নেওয়ার জন্য সময় নিলেও অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জি-এর অকাল প্রয়াণকে শুধু শোকের স্মৃতি হিসেবে না দেখে, বরং একে জীবনের বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।
