রুনা লায়লার মৃত্যুর গুজব, ক্ষোভ প্রকাশ করলেন গায়িকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
রুনা লায়লা। ছবি- সংগৃহীত
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে হঠাৎই ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। অথচ, বাস্তবে তিনি সুস্থ-সবল, বর্তমানে ভারতের দিল্লিতে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
ঘটনার সূত্রপাত হয় সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণের পরপরই। দেখা যায় হঠাৎ সামাজিকমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে তৈরি করে উদ্বেগ ও বিভ্রান্তি।
তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন স্বয়ং রুনা লায়লা। ভেরিফায়েড ফেসবুক পোস্টেও গুজবটি নাকচ করেন এই শিল্পী। স্পষ্টভাবে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। পাশাপাশি ভক্তদের প্রতি আহ্বান জানান যাচাই ছাড়া কোনো তথ্য যেন শেয়ার না করা হয়।
এ ছাড়াও রুনা লায়লা মঙ্গলবার (৫ মে) দুপুরে দিল্লি থেকেই সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিব্রত হয়েছেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ নানা জায়গা থেকে পরিচিতজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিচ্ছিলেন তিনি ঠিক আছেন কি না। এ ধরনের গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও কষ্টদায়ক।
তার মতে, পরিকল্পিতভাবেই এ ধরনের ভুয়া খবর ছড়ানো হয় এবং এর পেছনে সংঘবদ্ধ চক্র থাকতে পারে। রুনা লায়লা মনে করেন, সামাজিকমাধ্যমে দায়িত্বজ্ঞানহীনভাবে তথ্য ছড়ানো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু সংশ্লিষ্ট ব্যক্তি নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনরাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। শেষে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
