দুই ছেলের সঙ্গে শাকিব খানের সম্পর্ক নিয়ে যা বললেন বুবলী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ফাইল ছবি
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিশেষ করে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও ট্রলের ঘটনায় এবার সরব হলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
সম্প্রতি একটি চ্যানেলে এক অনুষ্ঠানে বুবলী বলেন, শেহজাদ তার বাবার বাসায় যাবে, তিনিও যাবেন, আবার প্রয়োজনে অফিসেও যাবেন এটাই স্বাভাবিক। কারণ বাবা-ছেলের সম্পর্কের জায়গায় তাদের প্রবেশাধিকার রয়েছে। অথচ এই স্বাভাবিক বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে অযথা বিতর্ক তৈরি করা হয়।
বুবলীর ভাষায়, শেহজাদ যদি তার বাবার জন্মদিনের কোনো ছবি বা মুহূর্ত শেয়ার করে, সেটিও নিয়ে হাসাহাসি করা হয়। কতটা হিংসাত্মক ও নোংরা মানসিকতা হলে এমনটা করা যায়। বুবলী দুই ছেলের সঙ্গে শাকিব খানের সম্পর্ক প্রসঙ্গে বলেন, শেহজাদ এবং জয় দুজনই কিন্তু শাকিব খানের সন্তান। একজন বাবার দুই সন্তানকে নিয়ে যখন এ ধরনের মন্তব্য করা হয়, তখন সেই বাবারও তো অস্বস্তি হওয়ার কথা।
বুবলীর দাবি, কোনো সুন্দর মুহূর্তকে ইচ্ছাকৃতভাবে নোংরা করে উপস্থাপন করা উচিত নয়। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাজ করে, তাহলে তার দায়ও তাকেই নিতে হবে।
তিনি বলেন, আজ আমি বা আমার পরিবার নিয়ে কিছু পোস্ট করলে সেটিকে কেন্দ্র করে আমাকে বা অন্য কাউকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু আসল নোংরামিটা কে করছে, সেটাও সবার ভাবা উচিত।
প্রসঙ্গত, শাকিব খান ও শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীর। চলতি বছরের জুন মাসে বুবলী তার আর শাকিব খানের ঘরে কন্যা সন্তানের আগমনের খবর জানান। অন্যদিকে শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। দীর্ঘদিন ধরে দুই সন্তানকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চললেও এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজের অবস্থান তুলে ধরেছেন বুবলী।
