১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলে ইতিহাস গড়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। বিশ্বজুড়ে টিকিট বিক্রিতে সিনেমাটি ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) আয়ের অনন্য মাইলফলক স্পর্শ করেছে।
এর মধ্য দিয়ে এটি বিশ্বের প্রথম জীবনীভিত্তিক (বায়োপিক) চলচ্চিত্র হিসেবে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল। আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকায় ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলারে।
এপ্রিলে মুক্তির পর থেকেই ‘মাইকেল’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় ৯৭ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। এর মাধ্যমে ২০১৫ সালের ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে এটি সর্বকালের সেরা ওপেনিং করা মিউজিক্যাল বায়োপিকের স্বীকৃতি অর্জন করে।

শুধু উদ্বোধনী আয়ই নয়, সর্বাধিক আয় করা মিউজিক্যাল বায়োপিকের তালিকাতেও শীর্ষে উঠে এসেছে ‘মাইকেল’। ২০১৮ সালের ‘বোহেমিয়ান র্যাপসোডি’র ৯১১ মিলিয়ন ডলারের আয় ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ২০২৩ সালের ‘ওপেনহাইমার’-এর ৯৭৫ মিলিয়ন ডলারের আয় অতিক্রম করে এটি এখন সর্বোচ্চ আয়কারী বায়োপিক চলচ্চিত্র। একই সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের ইতিহাসে প্রথম এক বিলিয়ন ডলার আয় করা সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে ছবিটি।
অতোয়ান ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ ছবিতে কিংবদন্তি শিল্পীর শৈশব, জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে পথচলা এবং ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। মাইকেল জ্যাকসনের বাস্তব জীবনের ভাতিজা জেফার জ্যাকসন এই ছবির মাধ্যমে প্রধান চরিত্রে অভিনয়ে অভিষেক করেছেন। এছাড়া কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং অভিনয় করেছেন মাইকেলের বাবা-মায়ের ভূমিকায়। এ সাফল্য প্রসঙ্গে পরিচালক ফুকুয়া বলেন, এটি শুধু একটি সিনেমার অর্জন নয়, বরং বিশ্বের অন্যতম সেরা সংগীতশিল্পীর প্রতি দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতিফলন।
সূত্র: ভ্যারাইটি।
