গর্ভাবস্থায় নিজের অভিজ্ঞতা জানালেন সমান্থা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর জীবনে এখন চলছে বিশেষ এক অধ্যায়। মাতৃত্বের এই সময়টিকে উপভোগ করার পাশাপাশি নিজের শরীর ও মানসিক সুস্থতার প্রতিও মনোযোগী তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরচর্চার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে গর্ভকালীন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
ওয়ার্কআউটের একটি ছবি পোস্ট করে সমান্থা নিজের অনুভূতি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি জানান, এই সময়ে তিনি নিজের শরীরের সংকেত বুঝতে ও সে অনুযায়ী চলতে শিখেছেন।
শেয়ার করা ছবিতে কখনো মনোযোগ দিয়ে ব্যায়াম করতে, আবার কখনো ক্লান্ত হয়ে মেঝেতে বিশ্রাম নিতে দেখা যায় তাকে। মজার ছলে সমান্থা জানান, বর্তমানে শরীরচর্চার সময়ের বড় একটি অংশই কখনো কখনো মেঝেতে শুয়ে বিশ্রাম নিয়েই কেটে যায়।

তবে নিজের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অন্যদের জন্য সতর্কবার্তাও দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের শরীরচর্চার অভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ মেনেই গর্ভাবস্থায় নিজের ওয়ার্কআউট চালিয়ে যাচ্ছেন। তার প্রশিক্ষকও গর্ভবতী নারীদের ব্যায়াম করানোর বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
সমান্থার মতে, প্রত্যেক নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা এক নয়। তাই তার শরীরচর্চার ভিডিও দেখে অন্য কোনো অন্তঃসত্ত্বা নারী যেন নিজে থেকে একই ধরনের ব্যায়াম শুরু না করেন- এমন পরামর্শ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়েছেন অভিনেত্রী।
এর আগে স্বামী রাজের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর ‘বেবিমুন’-এর বেশ কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সমান্থা।
