নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যার কারণে স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়সহ আটকা পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তবে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি জানিয়েছেন, তারা সবাই নিরাপদে আছেন।
গত ২০ আগস্ট একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান খরাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে স্ত্রী ও সিনেমার পুরো শুটিং ইউনিটও ছিল। পরে দেশটির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলে তারা সেখানে আটকা পড়েন।
অভিনেতার স্বজন সরস্বতী মুখোপাধ্যায়ের বরাত দিয়ে জানা গেছে, খরাজ ও তাঁর স্ত্রী বর্তমানে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নেপালেই অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। এ সময় তারা নিজেদের নিরাপদ থাকার কথা জানিয়েছেন।
এদিকে, প্রবল বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু, ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডুভিত্তিক আন্তর্জাতিক পর্বত ও জলবায়ুবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) জানিয়েছে, বরফ ও পাথরসহ তুষারধসের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
লহেন্দে খোলা নদী ও ভোতেকোশি নদীর আশপাশের এলাকা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া কয়েক শ পর্যটকসহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
খরাজ মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের পরিচিত অভিনেতা, কৌতুকশিল্পী ও গায়ক। বাংলা ও হিন্দি- দুই ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন তিনি। ‘কাহানি’, ‘দ্য নেমসেক’, ‘স্পেশাল ২৬’, ‘পাতালঘর’ ও ‘জাতিস্মর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন এই অভিনেতা।
সূত্র: এনডিটিভি
