চুমু-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাম কাপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি : সংগৃহীত
একটি রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুমু দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হলেও এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। এবার সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।
রাম কাপুরের দাবি, ওই ঘটনার পেছনে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার মতে, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিতর্ক তৈরি করা হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন রাম কাপুর। তিনি জানান, এ বিষয়ে শ্রেয়া কালরার সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে এবং অভিনেত্রীও ঘটনাটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন।
আরও পড়ুন: পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত আজ
রাম কাপুর বলেন, ‘শ্রেয়ার সঙ্গে এ নিয়ে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। সে বিষয়টি বুঝতে পেরেছে। আমি সবসময়ই এমন ধরনের মানুষ। মানুষের সঙ্গে মেলামেশা এবং অঙ্গভঙ্গির ক্ষেত্রে আমি কিছুটা বেশি খোলামেলা। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এমন ছিলাম। তাই কোনো প্রেক্ষাপট ছাড়া কোনো ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হলে সেটিকে আমি একেবারেই গুরুত্ব দিই না।’
নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের পথচলায় আমার সঙ্গে কাজ করা কোনো নারী সহকর্মী কখনো আমার বিরুদ্ধে একটি অভিযোগও করেননি- এ জন্য আমি অত্যন্ত গর্বিত। তাই মানুষ কী বলছে, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি যেমন, তেমনই থাকব।’
উল্লেখ্য, সম্প্রতি খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় বড় ধরনের পরিবর্তন এনে উল্লেখযোগ্য ওজন কমিয়েছেন রাম কাপুর। নতুন শারীরিক গড়ন ও লুকের কারণে প্রশংসাও পেয়েছেন তিনি। তবে ফিটনেস নিয়ে আলোচনার মধ্যেই শ্রেয়া কালরাকে চুমু দেওয়ার ঘটনা নিয়ে ফের সংবাদ শিরোনামে আসেন এই অভিনেতা।
