×

বিনোদন

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

ছবি : সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চারটি সিনেমা। এর মধ্যে রয়েছে দেশীয় তিন সিনেমা ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে হলিউডের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’।

দেশীয় তিন সিনেমার গল্পে উঠে এসেছে পরিবার, তারুণ্য ও পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা নানা ঘটনা। অন্যদিকে ‘স্ট্রিট ফাইটার’ অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা।

স্নেহের বন্ধন

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে কামরুজ্জামান পরিচালিত সিনেমা ‘স্নেহের বন্ধন’। একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার কাহিনি। সময়ের সঙ্গে ভাই-বোন ও মা-বাবার সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব, অহংকার ও ভুল-বোঝাবুঝির পাশাপাশি জীবনের কঠিন সময়ে পারিবারিক ভালোবাসা ও স্নেহের টান ফিরে পাওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

চিরকুট

নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার গল্প। এতে উঠে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম, নস্টালজিয়া ও জীবনের নানা অভিজ্ঞতা।

সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।

‘চিরকুট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ অনেকে।

কাট-পিস

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘কাট-পিস’। এ ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের নানা দিক তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

এতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ ও সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে। সিনেমাটির পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম।

গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। অবশেষে আজ প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’।

স্ট্রিট ফাইটার

জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত ‘স্ট্রিট ফাইটার’ একটি অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। ১৯৯৩ সালের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে দেখা যায়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী মার্শাল আর্টিস্ট রিউ ও কেন মাস্টার্স বিশ্ব ওয়ারিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়।

তবে টুর্নামেন্টের আড়ালে লুকিয়ে থাকে অপরাধী চক্র শ্যাডালু এবং এর প্রধান এম বাইসনের ভয়ংকর বৈশ্বিক ষড়যন্ত্র। সিনেমাটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, ক্যালিনা লিয়াং ও বিদ্যুৎ জামওয়ালসহ অনেকে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতেও সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

ঢাকায় সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর

ঢাকায় সাতসকালে সড়কে প্রাণ গেল ২ নারীর

ভুলের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

ভুলের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App