কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া ঘাসের আগুনে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) কর্মকর্তারা জানান, শনিবার বিকেলে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় ঘাসে আগুন লাগে। পরে ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে আগুন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে যায়।
কর্তৃপক্ষ নিহত চার সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকমার্ক।
আগুন লাগার সময় ওই এলাকায় ৮৫ জন সেনাসদস্য জীবন্ত গোলাবারুদ ব্যবহার করে উচ্চমাত্রার সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। তাঁদের লাটভিয়ায় দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কানাডার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সামরিক কার্যক্রম বর্তমানে লাটভিয়ায় পরিচালিত হচ্ছে।
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ জানান, আহতদের অনেকের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বিশেষায়িত নিবিড় চিকিৎসার প্রয়োজন হতে পারে। আহতদের এডমন্টন, ওয়েনরাইট, ক্যালগারি ও রেড ডিয়ারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। তবে কর্মকর্তারা মনে করছেন, এ ঘটনার সঙ্গে এলাকার তেল-গ্যাস অবকাঠামোর কোনো সম্পর্ক নেই। বাইরে থেকে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, এমন সম্ভাবনাও তাঁরা নাকচ করেছেন।
সূত্র: রয়টার্স
