এক ম্যাচে ব্রাজিলের ৮ লাল কার্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২৫ পিএম
ফাইল ছবি
প্রীতি ম্যাচ, কিন্তু শেষটা হলো উত্তেজনা, ক্ষোভ আর লাল কার্ডের ঝড়ে। ফোর্তালেজায় যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। তবে স্কোরলাইন ছাপিয়ে আলোচনায় ম্যাচের বিশৃঙ্খলা। ব্রাজিলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে মোট ৮ জনকে লাল কার্ড দেখানো হয়েছে এই ম্যাচে।
মঙ্গলবারের ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়সূচক গোল আসে দ্বিতীয়ার্ধে। ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলেই এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। তবে ম্যাচের শেষ ভাগে ফুটবল ছাপিয়ে সামনে আসে উত্তেজনা।
রয়টার্স জানিয়েছে, ম্যাচ শেষে কয়েকজন ব্রাজিলিয়ান খেলোয়াড় রেফারির দিকে এগিয়ে গেলে পরিস্থিতি শান্ত করতে দাঙ্গা পুলিশের উপস্থিতি লাগে। ম্যাচ শেষ করে ব্রাজিল মাঠ ছাড়ে ৯ জন খেলোয়াড় নিয়ে। শুধু খেলোয়াড়ই নয়, কোচ ও স্টাফরাও শাস্তির মুখে পড়েন।
ব্রাজিল কোচ আর্থার ইলিয়াস প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন কিট-সংক্রান্ত এক ঘটনায়। এরপর ৭৭ মিনিটে বল সরিয়ে দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়। একই সময়ে তাঁর কোচিং স্টাফের কয়েকজনকেও লাল কার্ড দেখান স্প্যানিশ রেফারি পাওলা সেবোলাদা লোপেজ।
যোগ করা সময়ে উত্তেজনা আরও বাড়ে। এমিলি সনেটকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড বিয়া জানেরাত্তো। এরপর টারসিয়ানে সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন। ম্যাচ শেষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কেরোলিন। লুদমিলাকেও লাল কার্ড দেখানো হয় রেফারির উদ্দেশে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেওয়ার কারণে।
সব মিলিয়ে ব্রাজিলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ৮ জনকে লাল কার্ড দেখানো হয়। প্রীতি ম্যাচে এমন ঘটনা বিরল, বিশেষ করে দুই বড় দলের ম্যাচে। আগামী বছর নারী বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের জন্য এই দৃশ্য অস্বস্তিকরও বটে।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ এমা হেইস বলেন, ব্রাজিলের প্রতি তাঁর অনেক সম্মান আছে এবং এই অভিজ্ঞতা তিনি কখনো ভুলবেন না। তবে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হিপস আরও সরাসরি বলেছেন, তিনি আশা করেন বিশ্বকাপ ফাইনাল এমন কিছু হবে না।
এই দুই দলের ডাবল-হেডারের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফল যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ম্যাচের আবহও। জয় পেয়েছে যুক্তরাষ্ট্র, আর ব্রাজিলের জন্য ম্যাচটি হয়ে থাকল শৃঙ্খলা, আবেগ নিয়ন্ত্রণ ও মাঠের আচরণ নিয়ে বড় সতর্কবার্তা।
২০২৭ নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। তার আগে ঘরের মাঠে এমন এক প্রীতি ম্যাচ আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলতে পারে। বড় টুর্নামেন্টের আগে দলকে শুধু ফুটবলীয় দিক নয়, মানসিক শৃঙ্খলার দিক থেকেও প্রস্তুত হতে হবে—ফোর্তালেজার এই বিশৃঙ্খল রাত সেটিই মনে করিয়ে দিল।
