×

ফুটবল

বিশ্বকাপের আগে মেসিদের পাসপোর্টের তথ্য ফাঁস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২৮ পিএম

বিশ্বকাপের আগে মেসিদের পাসপোর্টের তথ্য ফাঁস

ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আগে মাঠে স্বস্তি পেলেও মাঠের বাইরে অস্বস্তিতে পড়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে নিরাপত্তাজনিত এক ভুলে আর্জেন্টিনা স্কোয়াডের সব খেলোয়াড়ের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে। সেই তালিকায় ছিলেন অধিনায়ক লিওনেল মেসিও।

আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য যে অফিশিয়াল টিমশিট প্রকাশ করা হয়েছিল, তাতেই ছিল আর্জেন্টিনা ফুটবলারদের পাসপোর্ট নম্বর। নিয়ম অনুযায়ী, এমন সংবেদনশীল তথ্য সংবাদমাধ্যম বা জনসাধারণের কাছে যাওয়ার আগে ঢেকে দেওয়ার কথা। কিন্তু সেটি না করেই টিমশিটটি ছড়িয়ে পড়ে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে।

ঘটনাটি আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির শেষ মুহূর্তে নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের ভ্রমণ, আবাসন, নিরাপত্তা ও প্রশাসনিক তথ্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়। সেই জায়গায় পুরো স্কোয়াডের পাসপোর্ট নম্বর প্রকাশ হয়ে যাওয়া বড় ধরনের প্রশাসনিক ভুল হিসেবেই দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মন্তব্য জানতে চাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাঠের বাইরে এমন অস্বস্তির মধ্যেও মাঠে দিনটা ভালোই কেটেছে আর্জেন্টিনার। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গোল করেছেন ভ্যালেন্তিন বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা।

ম্যাচে শুরু থেকে খেলেননি মেসি। হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি কাটিয়ে ফেরার পথে থাকায় তাকে বেঞ্চে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে প্রভাব রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। তার থ্রু বল থেকে বক্সে ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেস। সেই পেনাল্টি থেকেই গোল করেন মেসি।

এই গোল দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন মেসি। ৩৮ বছর ১১ মাস বয়সে গোল করে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হয়েছেন। ১৯৫৭ সাল থেকে রেকর্ডটি ছিল আনহেল লাবরুনার দখলে।

তবে মেসির গোল ও আর্জেন্টিনার জয় ছাপিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনাটিও বড় আলোচনায় এসেছে। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিরাপত্তা, পরিচয় সুরক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এমন ভুল আর্জেন্টিনা শিবিরের জন্য অপ্রত্যাশিত ধাক্কা।

আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয়, মেসির ফিটনেস ও রেকর্ড—সবই ছিল ইতিবাচক। কিন্তু একই রাতে পাসপোর্ট তথ্য ফাঁসের ঘটনা মনে করিয়ে দিল, বিশ্বকাপের চাপ শুধু মাঠের ফুটবলে নয়, মাঠের বাইরের প্রতিটি ব্যবস্থাপনাতেও।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App